প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ২১:৫১ (শুক্রবার)
সিলেটে বিআরটিএর উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সিলেট সার্কেলের উদ্যোগে নগরীর রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল ও কলেজে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির ১১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সড়ক দুর্ঘটনা হ্রাস, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেট বিভাগের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মো. ডালিম উদ্দীন, রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. মানিক খান, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক পুলিশ পরিদর্শক জাহেদুল ইসলাম এবং বিআরটিএ সিলেট সার্কেলের মোটরযান পরিদর্শক সফীকুল ইসলাম রাসেল।

সেমিনারে শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে সড়ক পারাপার, ট্রাফিক সাইন ও সিগন্যাল চেনা, মোটরসাইকেলে হেলমেট ব্যবহার এবং চার চাকার যানবাহনে সিটবেল্ট পরিধানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

এ ছাড়া চলন্ত যানবাহনের জানালার বাইরে হাত বা মাথা না রাখা, সড়কে চলাচলের সময় সতর্কতা অবলম্বন এবং দুর্ঘটনা প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, আজকের সচেতন শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক। নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব নয়, বরং সমাজের প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি অন্যদেরও আইন মানতে উৎসাহিত করতে হবে।

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা সম্ভব হলে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

সেমিনারে নিরাপদ সড়ক গঠনে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৮