প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৬ ২১:০০ (শনিবার)
সিলেটে এক মাসে ১৫'শ মা*ম*লা যাদের বি রু দ্ধে

সিলেট নগরীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে সেপ্টেম্বর মাসে ১ হাজার ৫০০টি মামলা করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। এসব মামলায় জরিমানাবাবদ রাজস্ব হিসেবে আদায় হয়েছে ৭২ লাখ ৯০ হাজার ৩৭৫ টাকা।


ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে নতুন করে ১ হাজার ৫০০টি মামলা করা হয়। এর বিপরীতে একই সময়ে ১ হাজার ৮৬০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে আগের মাসগুলোতে দায়ের করা মামলাও রয়েছে। একটি মামলা নিষ্পত্তির জন্য নির্ধারিত সময়সীমা ২০ দিন।


অভিযানে সবচেয়ে বেশি ব্যবস্থা নেওয়া হয়েছে মোটরসাইকেলের বিরুদ্ধে। সেপ্টেম্বর মাসে নগরীর বিভিন্ন এলাকায় ৮২৪টি মোটরসাইকেল আটক করা হয়। এর মধ্যে ৭৫০টির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।


এ ছাড়া নগরীতে চলাচলকারী রিকশার বিরুদ্ধেও অভিযান চালানো হয়েছে। এ সময় ৩১৫টি রিকশা আটক করা হয়। এর মধ্যে ১৫৪টি ব্যাটারিচালিত এবং ১৬১টি প্যাডেলচালিত রিকশা রয়েছে।

সেপ্টেম্বর মাসে আদায় করা ৭২ লাখ ৯০ হাজার ৩৭৫ টাকা রাজস্ব হিসেবে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়েছে।


এসএমপি ট্রাফিক বিভাগ সূত্র জানায়, সিলেট নগরীতে মোট ৫২টি ট্রাফিক পয়েন্ট রয়েছে। এর মধ্যে ৪০টি পয়েন্টে নিয়মিত ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এসব পয়েন্টের পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কেও দায়িত্ব পালন করছেন ট্রাফিক সদস্যরা।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় সিলেটভিউ২৪ডটকমকে বলেন, “সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে।”


তিনি যানবাহন চালকদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং গাড়ির ফিটনেস ঠিক রেখে সড়কে চলাচলের আহ্বান জানান।

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০৩