সুনামগঞ্জের ধর্মপাশা থেকে নিখোঁজের দুইদিন পর মোহাম্মদ ফজলুর রহিম কাজল নামের সাবেক এক সেনা সদস্যের মরদেহ মিলল নেত্রকোনার মোহনগঞ্জের একটি গাছের ডালে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার বিরামপুর গ্রামের একটি বকুল গাছের ডাল থেকে মরদেহটি উদ্ধার করে মোহনগঞ্জ থানার পুলিশ। এর আগে তিনি নিজ গ্রামের পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার শেলবরস ইউনিয়নের কাকিয়াম গ্রামের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজল বিগত ২০২১ সালে সেনাবাহিনী থেকে অবসরে আসেন। বর্তমানে তিনি মোহনগঞ্জের নওধার সৌর বিদ্যুৎ এর প্লান্টে কর্মরত ছিলেন।
গত বুধবার (৭ অক্টোবর) সকালে কাজের উদ্যেশ্যে বের হন। এর পর থেকে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। কোনো সন্ধান না পেয়ে রাতে ধর্মপাশা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ছেলে মারুফ হাসান রনক বাদী হয়ে ধর্মপাশা থানায় নিখোঁজের ডায়েরি করেন।
এরপর শুক্রবার সকালে মোহনগঞ্জ উপজেলার বিরামপুর একটি বকুল গাছে মানুষ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মোহনগঞ্জ থানার পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানার সাথে সমন্বয় করে মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন, স্থানীয়রা গাছের ডালে মরদেহ দেখে খবর দিলে আমরা গিয়ে উদ্ধার করি। মরদেহ নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মআস-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.