ছবি: সিলেট ভিউ।
সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮৫টি ভারতীয় কম্বলসহ দুই ব্যক্তিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাস্তিংহাটি এলাকায় থানার সামনে স্থাপিত চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সিংজানি গ্রামের মো. রাজা মিয়ার ছেলে আতিক হাসান লাজু (৩২) এবং খুলনা জেলার পাইকগাছা থানার আলমতলা গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে মো. আলঙ্গীর কবির (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, ‘নিউ স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাসে করে ভারতীয় কম্বলগুলো পরিবহন করা হচ্ছিল। শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা এসব কম্বল বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে। চেকপোস্টে বাসটিতে তল্লাশি চালিয়ে ৮৫টি কম্বল উদ্ধার এবং দুই ব্যক্তিকে আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। অবৈধ পণ্য পরিবহন ও বেচাকেনা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/আশিক-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.