সুনামগঞ্জের শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, খুব অল্প সময়ের মধ্যে এ প্রশিক্ষণের আয়োজন করতে হয়েছে। প্রশিক্ষণার্থীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে সঠিকভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানান তিনি। ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়নে তাঁদের দেওয়া নির্ভুল জরিপ আগামী দিনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, দুই দিনের এ প্রশিক্ষণ থেকে প্রশিক্ষণার্থীরা উপকৃত হবেন এবং মাঠপর্যায়ের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন বলে তিনি আশা করেন। দায়িত্ব পালন করতে গিয়ে কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় তাঁদের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা। তিনি ফ্যামিলি কার্ড প্রকল্পের সামগ্রিক ধারণা, প্রশিক্ষণের নীতিমালা ও উদ্দেশ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর। এ ছাড়া বক্তব্য দেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির।
এ সময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা নাজির আবু বক্কর, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা।
সিলেটভিউ২৪ডটকম/সামিউল/এসডি-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.