ছবি: ফাইল ছবি।
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরীণ এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বেলা ৩টার দিকে সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শাহিন আহমদ (২৫)। তিনি কানাইঘাটের কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে। নিহত শাহিন দিনমজুরের কাজ করতেন। তার স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে।
জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) রাতে শাহিন আহমদ বাড়ি থেকে বের আর ফেরেন নি। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন শাহিনের গুলিবিদ্ধ লাশ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী সোনারখেওড় গ্রামের কৃষি জমিতে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেন। পরে নিহতের বড় ভাই জসিম উদ্দিন ঘটনাটি কানাইঘাট থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে সীমান্তবর্তী সোনারখেওড় এলাকা থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পিঠে গুলির চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/মাহবুবুররশিদ/আশিক-১৩
আইটি ল্যাব সলিউশন্স লি.