প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ২১:২৫ (রবিবার)
এবিজেএর নির্বাচনের জন্য চলছে ব্যাপক প্রস্তুতি, তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন

অস্ট্রেলিয়ায় প্রবাসী লেখক, সাংবাদিক ও শিক্ষাবিদদের অন্যতম ফেডারেল সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এবিজেএ) ২০২৬ সালের নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন তিন বিশিষ্ট ব্যক্তিত্ব।
 

তাঁরা হলেন প্রফেসর ড. ওয়ালি উল ইসলাম, ড. সাবরিন ফারুকী ওএএম এবং প্রফেসর ড. মোহাম্মাদ মিজানুর রহমান।

আগামী ২৫ অক্টোবর (রবিবার) দুপুর ১২টায় সিডনির রেড রোজ ফাংশন সেন্টারে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। সংগঠনের সদস্যদের মধ্যে নির্বাচন ও বার্ষিক সাধারণ সভাকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।
 

এবিজেএর নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের সদস্য হিসেবে তিন বিশিষ্ট ব্যক্তিত্বের অন্তর্ভুক্তি এবারের নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। তাঁদের নেতৃত্বে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হবে।

সংগঠনের গণতান্ত্রিক চর্চা, সদস্যদের অংশগ্রহণ এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরও সুসংহত করার ক্ষেত্রে এবারের নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
 

আগামী ২৫ অক্টোবর দুপুর ১২টায় রেড রোজ ফাংশন সেন্টারে অনুষ্ঠিতব্য এ আয়োজনকে সফল করতে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবিজেএর সব সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সফল করার আহ্বান জানানো হয়েছে।

শুধু আর্থিকভাবে হালনাগাদ সদস্যরাই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ এবং প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৬।
 

সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এবিজেএর সব সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।

তাঁরা আশা প্রকাশ করেন, সবার সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা সফল হবে এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/খলিল/এসডি-২৪