প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ২০:১৬ (সোমবার)
সৌদিতে নিহত দুই বাংলাদেশির পরিচয় জানা গেল

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত দুজন বাংলাদেশির পরিচয় জানা গেছে। এর মধ্যে একজনের নাম মো. শাহেদ আহম্মেদ, যাঁর বাড়ি বগুড়ায়। আরেকজনের নাম মো. নসরুল্লাহ বদরপুরি, যাঁর বাড়ি কুমিল্লায়।
 

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আজ রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়। এতে বলা হয়, গতকাল স্থানীয় সময় বেলা ৩টা ২০ মিনিটে সৌদি আরবে রিয়াদের কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল-৩ এর ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এ সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রী সেখানে অপেক্ষমাণ ছিল। দুর্ঘটনায় দুজন বাংলাদেশি নিহত হয়েছেন।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বলছে, মো. শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়ার শাহজাহানপুর থানার মাদলা গ্রামে। তাঁর বাবার নাম মো. রফিকুল ইসলাম ও মায়ের নাম শাহেরা বেগম। দেশটিতে শাহেদের কাজের অনুমতিপত্র (ইকামা) ছিল। আর নাসরুল্লাহ বদরপুরির বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার বদরপুর গ্রামে।
 

সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ হামলায় দুই বাংলাদেশি নাগরিক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অনেকে। তাঁদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

হতাহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য জানতে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদের বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে বলেও বিবৃতিতে জানানো হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১২