ছবি: সিলেট ভিউ।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৯) অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। এ সময় ২০ বোতল রয়্যাল স্ট্যাগ ব্র্যান্ডের বিদেশি মদ ও একটি ইজিবাইকসহ মোঃ খোকন মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) রাতে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের কালাপশী এলাকার 'তছিমের ঢালা ব্রীজ' থেকে তাকে আটক করা হয়। আটক খোকন মিয়া ছাতক থানার শিমুলতলা গ্রামের আব্দুল খালিকের ছেলে।
এসআরবি-৯ জানায়, রবিবার (১১ অক্টোবর) রাতে দোয়ারাবাজারের তছিমের ঢালা ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় এসআরবির উপস্থিতি টের পেয়ে খোকন মিয়া ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার ইজিবাইকে রাখা দুইটি পাটের বস্তা থেকে ২০ বোতল বিদেশি মদ (রয়্যাল স্ট্যাগ) উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক খোকন মিয়া জানায়, সে সীমান্তবর্তী এলাকা থেকে এসব বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।
বিষয়টি নিশ্চিত করে এসআরবির মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সিলেটভিউ২৪ডটকম/তাজুলইসলাম/আশিক-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.