ছবি: ফাইল ছবি।
সিলেটের গোয়াইনঘাটের তোয়াকুল এলাকা থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন এক ব্যক্তি। রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার কামারগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হারিস আলী (৫৫)। তিনি গোয়াইনঘাটের ফুলতৈছগ্রামের বাসিন্দা। পেশায় তিনি কৃষক।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তোয়াকুল বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে কামারগ্রাম এলাকায় হামলার শিকার হন হারিস আলী। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে একজন নেমে দা দিয়ে তাকে কোপ দেন। এতে তার কবজির ওপরের অংশ কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর হামলাকারীরা তাকে এলোপাতাড়ি লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনাটি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.