প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ১৮:৫৫ (মঙ্গলবার)
বি/ক্ষো/ভে আ*হ*ত আমিরের ভাইজির ভিডিও নিয়ে তোলপাড়

ভারতে দিন দিন তীব্র হচ্ছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ও প্রতিবাদ। দিল্লিতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির বিক্ষোভের সমর্থনে ভারতজুড়ে যোগ দিচ্ছেন বিনোদন অঙ্গনের তারকারাও। মুম্বাইয়ে সেই আন্দোলনে সরাসরি অংশ নিয়ে আটক হয়েছেন বলিউড পারফেকশনিস্ট আমির খানের ভাইয়ের মেয়ে জায়েন মেরি খান।
 

সেখান থেকে ছাড়া পাওয়ার পর সামাজিকমাধ্যমে নির্যাতনের চিত্র তুলে ধরেন তিনি। ইনস্টাগ্রামে একটি ভিডিওতে জায়েন খান তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন।
 

‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভের সমর্থনে মুম্বাইয়ের ক্রান্তি ময়দানে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে ১০ অক্টোবর আটক হয়েছিলেন অভিনেতা আমির খানের ভাইঝি জায়েন মেরি খান, অভিনেতা ইমরান খান ও তার বান্ধবী। কয়েক ঘণ্টা পরে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে বাড়ি ফিরে রোববার জায়েন ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেন। সেই রিল নিয়ে আলোচনা সর্বত্র।

ভিডিওটিতে জায়েন তার হাত, আঙুল ও পায়ের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ও ক্ষত দেখিয়েছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘সকলের সামনে প্রকাশ করে দিল সে’ এবং মন্তব্যে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরির ইঙ্গিত দেন। আটক অবস্থায় এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তবে ধস্তাধস্তির সময় আঘাত লেগেছে, নাকি অন্য কোনো কারণে এই ক্ষত- তা এখনো স্পষ্ট নয়।
 

এদিকে আটকের পর নিজেদের অভিজ্ঞতার কথা সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন ইমরান ও লেখা ওয়াশিংটনও। পুলিশের ভ্যানে বসে মজার ছলে ছবি পোস্ট করে ইমরান জানান, সাধারণ নাগরিক হিসেবেই তিনি প্রতিবাদে অংশ নিয়েছিলেন।

পুলিশের ভ্যানের ভেতরে বসে থাকা নিজের একটি ছবি পোস্ট করে মজার ছলে ইমরান লেখেন, ‘মনে হচ্ছে, আমাকে গাড়ি করে ঘোরাতে নিয়ে যাওয়া হচ্ছে’! সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অন্য একটি ভিডিওতে পুলিশকর্মীদের উদ্দেশে ‘জয় হিন্দ’ স্লোগান দেন ইমরান। সেইসঙ্গে আরও বলেন, ‘কেন আমাকে এখানে নিয়ে আসা হয়েছে তা আমি জানি না। ওরা আমাদের রাস্তা থেকে তুলে নিয়ে এসে ভ্যানে বসতে বলে।’
 

ইমরানের বান্ধবী লেখাও পরে অনুরাগীদের আশ্বস্ত করে জানান, তারা নিরাপদে বাড়ির পথে রয়েছেন। ভারতীয় ন্যায়সংহিতার একাধিক ধারায় গাওদেবী থানায় ইমরান ও অন্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ। জায়েনের এই বিস্ফোরক ভিডিও মুম্বাইয়ের এই বিক্ষোভ ও আটকের ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৫