প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ২১:২৭ (মঙ্গলবার)
জুড়ীতে মাদক প্রতিরোধ ও ডেঙ্গু সচেতনতায় উঠান বৈঠক

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে মাদকের বিস্তার রোধ, নিয়ন্ত্রণ, মাদকাসক্তির ভয়াবহ কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সচেতনতামূলক উঠান বৈঠক ও উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের আয়োজনে এবং ফুলতলা ইউনিয়ন পরিষদ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার এর সহযোগিতায় সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় ফুলতলার রাজকী চা বাগান এলবিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলুর সভাপতিত্বে এবং ইউপি সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক ইমতিয়াজ গফুর মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বানী চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার এর পরিদর্শক ওমর কুমার সেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ডাকটিলা বিওপির কমান্ডার শামসুল আলম, এলবিনটিলা ফাঁড়ি চা বাগানের সহব্যবস্থাপক অঞ্জন দেবনাথ, রাজকী এলবিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর সেলিম এবং ফুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।

উপস্থিত ছিলেন ফুলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য দছির উদ্দিন, স্বপন মল্লিক, মোরশেদ আহমেদ, ডালিম আহমেদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সভায় মাদকের ভয়াবহ সামাজিক ও পারিবারিক পরিণতি, তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, মাদক ও ডেঙ্গু উভয়ই জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয়। মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিতে হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-১০