সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার থেকে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সিলেট থেকে ঢাকাগামী ট্রেনের এক যাত্রীর অভিযোগের সূত্র ধরে ওই টিকিট কালোবাজারিকে আটক করা হয়।
জানা যায়, সোমবার (১২ অক্টোবর) ভুক্তভোগী যাত্রী কালোবাজারির কাজে ব্যবহৃত একটি ফোন নম্বর সরবরাহ করেছিলেন। সেই নম্বরের সূত্র ধরে ফেঞ্চুগঞ্জ বাজার থেকে অভিযুক্তকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি ফেঞ্চুগঞ্জে বসেই সিলেটে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চড়া দামে ট্রেনের টিকিট সরবরাহ করতেন। আটককালে তার মোবাইল ফোনে বেশ কয়েকটি টিকিট পাওয়া যায়। পরবর্তীতে আটককৃতকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার। তিনি জানান, টিকিট কালোবাজারি রোধে জেলা প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। সাধারণ যাত্রীদের এ ধরনের অপতৎপরতার তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন প্রশাসনের ওই কর্মকর্তা।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-১৮
আইটি ল্যাব সলিউশন্স লি.