গৃহবধূকে ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণ করে ব্ল্যাকমেইল করার ঘটনায় মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন এসআরবি-১৪। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা কলেজ মোড়ে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এসআরবি-১৪ মিডিয়া অফিসার নাদিয়া ফারজানার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃত খাইরুল ইসলাম (৩৩) টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের ইনাম আলীর ছেলে।
এসআরবি এবং এজাহারের বিবরণে জানা যায় যে, ওই গৃহবধূর মেয়ে একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। সে সুবাদে গৃহবধূর মেয়েকে বাসায় গিয়ে পড়াতেন ওই মাদ্রাসার শিক্ষক খাইরুল ইসলাম। ছাত্রীর পড়াশোনার খোঁজখবর নেওয়ার অজুহাতে তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন। এরই ধারাবাহিকতায় গত ৮ আগস্ট বিকেলে তিনি ভুক্তভোগীর বাড়িতে আসেন। এ সময় ওই গৃহবধূর মেয়ে বাইরে খেলতে যায়। পরবর্তীতে বাড়িতে একা পেয়ে খাইরুল ইসলাম ওই গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। একই সঙ্গে তিনি কৌশলে কিছু আপত্তিকর ছবি ধারণ করেন। পরবর্তীতে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি পুনরায় ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী গত ২ অক্টোবর টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। পরবর্তীতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে এসআরবি।
এসআরবি জানায়, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ ডটকম/ডেস্ক/আশিক-১৪
আইটি ল্যাব সলিউশন্স লি.