ছবি: সংগৃহিত।
পাঁচ তারকা মানের হোটেল আমারি, কিংফিশার ও ব্লিজ আর্ট বারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, অভিযানে পারমিট ছাড়া মদ্যপান এবং বৈধ কাগজপত্রবিহীন ১৪ লিটার বিলাতি মদ উদ্ধারসহ বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে।
বুধবার (১৪ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হোটেল আমারি, কিংফিশার বার ও ব্লিজ আর্ট বারে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোর বার পরিচালনার ক্ষেত্রে লাইসেন্সের শর্ত পালন ও আইনগত বৈধতা যাচাই করা হয়।
অভিযানে হোটেল আমারিতে পারমিট ছাড়া মদ্যপানরত সাতজনকে পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ছাড়া, কিংফিশার বারে বৈধ কাগজপত্রবিহীন ১৪ লিটার কেরুর বিলাতি মদ পাওয়া যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
অন্যদিকে, অভিযান পরিচালনাকালে ব্লিজ আর্ট বারটি বন্ধ পাওয়া যায়। তবে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও সম্ভাব্য অনিয়ম অধিকতর যাচাইয়ের লক্ষ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
এ ছাড়া, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর ১৫(১) ধারা অনুযায়ী প্রযোজ্য আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, লাইসেন্সের শর্ত যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করা এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপপরিচালক রাজিউর রহমান।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.