ছবি: সিলেট ভিউ।
মৌলভীবাজারের রাজনগরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দুর্যোগের ঝুঁকি হ্রাস প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠি হয়েছে। এছাড়াও দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়। এতে দুর্যোগকালীন পরিস্থিতিতে নিরাপদ থাকার উপায় এবং জরুরি মুহূর্তে করণীয় সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা তুলে ধরা হয়।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন শাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা মধুচন্দ্র দাস, উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আলী হোসেন, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, রাজনগর থানার ওসির প্রতিনিধি লোকমান হোসেন, মুহিব উদ্দিন ও সাংবাদিক জুয়েল আহমদসহ অন্যরা।
আলোচনা সভায় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে প্রস্তুতি গ্রহণ ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ নয় পরিবার ও সমাজের প্রতিটি পর্যায়ে সচেতনতা এবং প্রস্তুতি জরুরি। আগাম সতর্কতা যথাযথ প্রশিক্ষণ ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি কমানো সম্ভব দিবসটির কর্মসূচিতে এ বিষয়গুলো গুরুত্ব পায়।
সিলেটভিউ২৪ডটকম/সোহেল/আশিক-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.