প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ১৭:৫১ (বৃহস্পতিবার)
‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তপ্ত আদালত প্রাঙ্গণ, আইনজীবীসহ গ্রে প্তা র

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক অঙ্গন। আদালত প্রাঙ্গণে স্লোগান দেওয়ার ঘটনার পর রাতে আইভীর দুই আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

এদিকে ওই স্লোগানের প্রতিবাদে আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। মিছিল থেকে আইভীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিএনপির নেতারা। পাশাপাশি সমাবেশে আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছেন বক্তারা।
 

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০টার দিকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠালে আদালত আগামীকাল (১৫ অক্টোবর) রিমান্ডের আবেদনের শুনানির দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ।

গ্রেপ্তাররা হলেন- অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, তার ভাই আতিকুল ইসলাম এবং আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষার।
 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে জিয়াউল ইসলাম কাজল ও তার ভাই আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই রাতে দেওভোগের পাক্কা রোড এলাকার গার্মেন্টস গলি থেকে গ্রেপ্তার করা হয় অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষারকে।

আদালত প্রাঙ্গণে আইভীর স্লোগানে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় বুধবার দুপুরে বিএনপিপন্থি আইনজীবীরা আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতার অভিযোগ তুলে আইভীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু অভিযোগ করেন, আইভীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে।
 

তিনি বলেন, আইভী যদি বারবার এভাবে নিষিদ্ধ সংগঠনকে সংগঠিত করার স্পর্ধা দেখান, তাহলে তার হোয়াইট হাউসের (আইভীর বাড়ি) একটি ইটও আমরা রাখব না।

এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান বলেন, প্রত্যেকের আইনগত অধিকারের বিষয়টি বিবেচনা করে আইভীর বিরুদ্ধে আমরা বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করিনি। কিন্তু আমাদের এই ভদ্রতার সুযোগ নিয়ে নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনকে সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে।

আদালত প্রাঙ্গণে স্লোগান দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, আদালতপাড়ায় নিষিদ্ধ সংগঠনের স্লোগান দেওয়ার ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ফতুল্লা থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের তদন্ত প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করেছি।
 

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জের আদালতে সশরীরে হাজির হন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। মামলাটিতে তিনি এজাহারভুক্ত ১১ নম্বর আসামি। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর ওই দিন মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও তার পুনর্জামিনের জন্য দিন ধার্য ছিল।

শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে আসার সময় আইভীকে ঘিরে ছিলেন তার নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলে গাড়িতে ওঠার আগে তিনি বলেন, ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না, জয় বাংলা।’ তার স্লোগানের সঙ্গে উপস্থিত নেতাকর্মীরাও ‘জয় বাংলা’ স্লোগান দেন। এরপর গাড়িতে উঠে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৭