প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ২২:৩৭ (বৃহস্পতিবার)
সিকৃবিতে প্লান্ট হেলথ ক্লিনিক চালু, হবে গাছের রোগ শনাক্ত 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্লান্ট হেলথ ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের আওতায় ‘এনহান্সিং দ্য প্লান্ট হেলথ ক্লিনিক ইন দ্য ডিপার্টমেন্ট অব প্ল্যান্ট প্যাথলজি অ্যান্ড সিড সায়েন্স ফর কাটিং-এজ রিসার্চ, কোয়ালিটি এডুকেশন অ্যান্ড স্ট্রেনথেন্ড আউটরিচ একটিভিটিজ’ শীর্ষক সাব-প্রজেক্টের মাধ্যমে এই প্রতিষ্ঠা করা হয়েছে।


বুধবার (১৪ অক্টোবর) বেলা ৩টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৪র্থ তলায় অবস্থিত ‘প্লান্ট হেলথ ক্লিনিক’র  উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার।


উদ্বোধন শেষে কৃষি অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রথমেই আমি এই প্রকল্পের উদ্যোগ গ্রহণকারী এবং সংশ্লিষ্ট টিমের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। তারা অত্যন্ত সুন্দরভাবে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করে এই গবেষণাগার প্রতিষ্ঠা করেছেন । এই গবেষণাগারের প্রকৃত সাফল্য তখনই আসবে, যখন এর গবেষণার ফলাফল এ অঞ্চলের কৃষকদের কাজে লাগবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম এবং স্বাগত বক্তব্য প্রদান করেন উপ-প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার (এসপিএম) ও বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক, দপ্তর প্রধানবৃন্দসহ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আশিক-১৮