হবিগঞ্জের বানিয়াচংয়ে তোফাজ্জুল মিয়া হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার পাড়াগাঁও ৭ মহল্লাবাসীর জলমহাল লিজ নেন একই গ্রামের ঠাকুরানদিঘী পূর্বপাড়ের শাহিন মিয়া। গত ১৭ সেপ্টেম্বর ওই জলমহালে মাছ ধরতে গেলে একই গ্রামের জিতু মিয়া ও তার লোকজনের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এ সময় শাহিন মিয়ার ভাই তোফাজ্জুল মিয়াকে একা পেয়ে জিতু মিয়া ও তার লোকজন মারধর করেন। এতে তোফাজ্জুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ সেপ্টেম্বর তোফাজ্জুল মিয়া মারা যান।
বক্তারা অভিযোগ করেন, এ ঘটনায় মামলা দায়েরের এক মাস পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। এতে ক্ষোভ প্রকাশ করে তারা দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী।
নিহত তোফাজ্জুলের বড় ভাই শাহীন মিয়া বলেন, হত্যাকারীরা নির্মমভাবে আমার সহজ সরল ভাইকে হত্যা করেছে। তার তিন অবুঝ শিশু সন্তান পিতাকে হারিয়ে এখন নির্বাক। আমরা চাই পুলিশ যেন যেন তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে।
তোফাজ্জুলের ছেলে রাহিম মিয়া বলেন, আমার চোখের সামনে আমার বাকে হত্যা করা হয়েছে। অথচ পুলিশ কোন আসামিকে গ্রেফতার করছে না। আমি আমার বাবার হত্যাকারিদের ফাসির দাবী জানাই।
সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.