প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ১৪:৪২ (বৃহস্পতিবার)
কমলগঞ্জে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ চা সংসদ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বিসিএস-বাচাশ্রই) এর চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তিন চা বাগান চা শ্রমিকরা।
 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আলীনগর চা বাগান হাসপাতালের সম্মুখে তিন চা বাগানের শ্রমিকরা মানববন্ধন থেকে পূজার পূর্বের ন্যায্য বোনাস প্রদানের দাবি জানিয়েছেন।
 

ডানকান ব্রাদার্স আলীনগর চা বাগান ও এর ফাঁড়ি সুনছড়া এবং কামারছড়া চা বাগান পঞ্চায়েতের আয়োজনে মানববন্ধনে আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গণেশ পাত্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সজল কৈরী, শ্যামল গোস্বামী, কামারছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি দিলিপ কৈরী, সীতারাম বীন, চা শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক রামভজন কৈরী প্রমুখ।

বক্তারা বলেন, চা শ্রমিকরা হাড়ভাঙ্গা খাটুনি খেটে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সারাবছর কাজ করেন। অথচ বছরের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় বোনাস প্রদানে অনিয়ম করা হচ্ছে। এবছর বিসিএস-বাচাশ্রই এর চুক্তি মোতাবেক কর্মদিবস গণনা করে উৎসব বোনাস প্রদান করার কথা। অথচ সপ্তাহে রবিবার মজুরি পাই, বার্ষিক ছুটিতে মজুরি দেয়া হয়, অর্জিত ছুটির দিনকে কর্মদিবস হিসাবে গণ্য না করে শ্রমিকরা যে দিনগুলোতে কাজ করেছেন শুধু সেসব দিন হিসাব করে বৈষম্যমূলক বোনাস প্রদান করা হয়েছে। ফলে অনেকেই ন্যায্য বোনাস প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন এবং শ্রমিকরা তাদের পরিবার পরিজনদের নিয়ে উৎসাহ উদ্দীপনায় দুর্গাপূজার উৎসব পালন থেকে বঞ্চিত হচ্ছেন।
 

অথচ বাংলাদেশ শ্রমআইন-২০০৬ (২০২৬ সালে সংশোধিত) এর ২(২ক) ধারা এবং বাংলাদেশ শ্রমবিধিমালা-২০১৫ এর ১১১(৫) বিধি অনুযায়ী যে কোন শিল্পে কর্মরত সকল শ্রমিককের জন্য উৎসব বোনাস প্রদান বাধ্যতামূলক করা হয়েছে, সেখানে কাজে উপস্থিতির কোন শর্ত নেই। এমন কি ২০২৩ সালের ১০ আগষ্ট চা-শিল্প সেক্টরে নি¤œতম মজুরির গেজেটে (এসআরও নং ২৪৬-আইন/২০২৩) অনুযায়ী উৎসব বোনাস প্রদান করার আইন আছে, সেখানে কাজে উপস্থিতির উপর বোনাস প্রদানের কোন শর্ত নেই। বক্তারা দুর্গাপূজার পূর্বেই শ্রমিকদের প্রাপ্য বোনাস প্রদানের জন্য চা বাগান ম্যানেজমেন্টের নিকট জোর দাবি জানান। অন্যতায় শ্রমিকরা আন্দোলনে যেতে বাধ্য হবে বলে দাবি করেন।
 

১২ অক্টোবর গণমাধ্যমে প্রেরিত চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত-সভাপতি শ্যামল অলমিক ও সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা এক যুক্ত বিবৃতিতে বলেন, আগামী ১৬ অক্টোম্বর শারদীয় দুর্গা পূজা শুরু হবে কিন্তু এবছর এখনো অনেক বাগানের চা-শ্রমিকরা উৎসব বোনাস পাননি। আবার যেসব বাগানে উৎসব বোনাস প্রদান করা হয়েছে সেসকল বাগানেও পূর্ণ উৎসব বোনাস প্রদান করা হয়নি। শমসেরনগর, দেওছড়া, ডবলছড়া, চাতলাপুর, তিলকপুরসহ বিভিন্ন বাগানে উৎসব বোনাসের পরিবর্তে কর্মে উপস্থিতির উপর হাজিরা/উৎসাহ বোনাস প্রদান করে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-০৩