তারেক মিয়া (২৮) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া এ ঘটনা ঘটে।
নিহত তারেক রহমান ওই গ্রামের অলিউর রহমানের ছেলে। স্বজনদের দাবি, মাদকসক্ত যুবকের অত্যাচার সহ্য করতে না পেরে হাত–পা বেঁধে তাকে হত্যা করেছেন বাবা অলিউর রহমান। ঘটনার পর অলিউর পলাতক আছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারেক মালয়েশিয়া প্রবাসী ছিলেন। সেখানে মাদক সেবনের কারণে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফিরে আবারও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মাকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে মাদকের টাকার জন্য বাড়িতে ভাঙচুর করেন তারেক। এক পর্যায়ে তার বাবা অলিউর রহমান তাকে হাত-পা বেঁধে বাড়ির পেছনের একটি গোয়ালঘরে নিয়ে যান। সেখানে তাকে মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত অলিউর রহমান পলাতক রয়েছেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় পরিবারের অন্য সদস্যদের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশার জন্য এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের মাথার পেছনে ও ডান কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৪
আইটি ল্যাব সলিউশন্স লি.