প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ১৯:৪০ (বৃহস্পতিবার)
সিলেটে যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান

সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

 

জানা গেছে, পেমেন্ট সার্ভারে তথ্য কারসাজি, গ্রাহকদের বিল আত্মসাৎ এবং প্রশিক্ষণ কার্যক্রমের বরাদ্দকৃত সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগ খতিয়ে দেখতে এই অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেছে। 

 

দুদক সিলেট কার্যালয় সূত্রে জানা যায়- যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে জালালাবাদ গ্যাসের পেমেন্ট সার্ভারে তথ্য কারসাজির মাধ্যমে গ্রাহকদের পরিশোধিত বিলকে অপরিশোধিত দেখিয়ে অর্থ আদায় ও তা আত্মসাৎ করার অভিযোগ উঠে। এছাড়া কেন্দ্রটির প্রশিক্ষণ কার্যক্রমের হলরুম ভাড়া এবং গ্যাস সিলিন্ডার বাবদ বরাদ্দকৃত সরকারি অর্থ অনিয়মের মাধ্যমে আত্মসাৎ করার বিষয়েও সুনির্দিষ্ট অভিযোগ ছিল।

 

অভিযান পরিচালনা করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ। অভিযানকালে সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রের গ্রাহক সংকেত (মিটার) নম্বর-২৪০৯০০৩৯৫ সংক্রান্ত নথিপত্র এবং এসিআই লিমিটেডকে যুব প্রশিক্ষণ কেন্দ্র 'ভেন্যু' হিসেবে ভাড়া প্রদান সংক্রান্ত যাবতীয় রেকর্ডপত্র তলব করে দুদক টিম।

 

প্রাথমিক তদন্তে অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেছে জানিয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ জানান, সংশ্লিষ্ট নথিপত্র সংগৃহীত হওয়ার পর তা যাচাই-বাছাই শেষে শিগগিরই বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-১৫