সিলেট নগরীর দরগাহ গেইট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে এই অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার লাবণ্য ইসলাম ঋতু।
প্রশাসন জানায়, নগরীর দরগাহ গেইট এলাকার মহানগর হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, ড্রাগ ফার্মেসির লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স পাওয়া যায় নি। এ ছাড়া হাসপাতালের অপারেশন থিয়েটার, পোস্ট-অপারেটিভ রুম ও অটোক্লেভ রুমের পরিবেশ অপরিচ্ছন্ন পাওয়া যায়।
অভিযানে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রয়োজনীয় সংশোধনের জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
অভিযান শেষে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার লাবণ্য ইসলাম ঋতু জানান, মহানগর হাসপাতালে বিভিন্ন অসংগতি পাওয়ায় দুই মাসের সময় দেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নাগরিক স্বাস্থ্যসেবার মান নিশ্চিত ও জনস্বার্থ রক্ষায় এরকম অভিযান অব্যাহত থাকবে। নিয়মবহির্ভূত কার্যক্রম কিংবা স্বাস্থ্যসেবায় অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৪/আশিক-১৮
আইটি ল্যাব সলিউশন্স লি.