ছবি: সিলেট ভিউ।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দঘন ও নির্বিঘ্নে উদযাপন এবং পূজামণ্ডপসহ সমগ্র জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে জেলা জুড়ে পুলিশের বিশেষ ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ (মহড়া) এবং জোরদার চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়ক এবং পূজামণ্ডপকেন্দ্রিক এলাকায় এ বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার মাধ্যমে যেকোনো জরুরি পরিস্থিতিতে অতি দ্রুত ফোর্স মোতায়েন, সকল ইউনিটের সমন্বিত দায়িত্ব পালন এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সফলভাবে মোকাবিলার জন্য পুলিশের প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করা হয়।
একই সঙ্গে জেলার প্রধান প্রধান প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই করা হয়। এ সময় চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করার পাশাপাশি নম্বরপ্লেটবিহীন এবং লাইসেন্স ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, পূজামণ্ডপের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে মৌলভীবাজার জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতায় একটি নিরাপদ ও উৎসবমুখর দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা পুলিশ সম্পূর্ণ বদ্ধপরিকর।
এদিকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা জুড়ে বইছে আনন্দের আমেজ। উৎসবকে পরিপূর্ণতা দিতে জেলার ১ হাজার ২২টি পূজা মণ্ডপে এখন চলছে দেবী বরণের শেষ মুহূর্তের ব্যস্ততা। ঢাক, ঢোল, শঙ্খ আর উলুধ্বনির মধ্য দিয়ে দেবীদুর্গাকে মণ্ডপে বরণ করে নেওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছেন সনাতনী ভক্তরা।
শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। পরবর্তীতে ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে ৫ দিনব্যাপী এই বর্ণিল উৎসবের।
বর্তমানে জেলাজুড়ে মণ্ডপগুলোতে প্রতিমা সজ্জা ও প্যান্ডেল সাজানোর বিশাল কর্মযজ্ঞ শেষ পর্যায়ে। কারিগরদের সুনিপুণ হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবীদুর্গা ও তাঁর সন্তানদের পূর্ণ অবয়ব। বিশেষ করে মৌলভীবাজার শহরের কেন্দ্রীয় কালীবাড়ি, রামকৃষ্ণ মিশন, দুর্গাবাড়ী ছাড়াও সৈয়ারপুরের ত্রিণয়নী ও আবাহন এবং গীর্জাপাড়ার মহেশ্বরী মণ্ডপে দৃষ্টিঝলকানো সব আয়োজন প্রায় সম্পন্ন।
জেলা পূজা উদযাপন কমিটির সূত্রে জানা গেছে, চলতি বছর মৌলভীবাজার জেলায় মোট ১ হাজার ২২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সার্বজনীন ৮৯৮টি এবং ব্যক্তিগত ১২৪টি।
এছাড়াও শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা: মৌলভীবাজারের সীমান্তসংলগ্ন ১০৯টি পূজা মণ্ডপে নিরাপত্তা সুসংহত করতে শ্রীমঙ্গল ৪৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/সাইফুলইসলাম/আশিক-১৮
আইটি ল্যাব সলিউশন্স লি.