প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ১৫:৫৪ (সোমবার)
সেক্টর কমান্ডার বিএম তৌহিদ হাসানের হবিগঞ্জ সীমান্তবর্তী পুজামন্ডপ পরিদর্শন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার বিএম তৌহিদ হাসান।
 

শনিবার দুপুরে তিনি পূজামণ্ডপটি পরিদর্শন করেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে কথা বলেন এবং মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
 

বিএম তৌহিদ হাসান বলেন, হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে থাকা ৬৩টি পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে থাকা একটি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
 

তিনি বলেন, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় বিজিবির সদস্যরা সার্বক্ষণিক টহল ও নজরদারি করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।
 


সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০৩