ছবি: সংগৃহিত।
ওয়াজ মাহফিল আয়োজনের কমিটি নিয়ে বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত রিপন (৪২) পাইস্কা এলাকার বাসিন্দা শহিদুল্লাহ মিয়ার ছেলে এবং পেশায় ছিলেন কাঠ ব্যবসায়ী। তিনি ভোলাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রূপগঞ্জের ওই এলাকায় কয়েক দিন আগে একটি ওয়াজ মাহফিলের অতিথি তালিকায় নাম রাখা নিয়ে দুপক্ষের বিরোধ হয়। এর জেরে রবিবার রাতে উত্তেজনা দেখা দেয়। রবিবার রাতে প্রতিপক্ষের লোকজন রিপনকে ধাওয়া করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করা হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.