দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতালেব ভূঁইয়ার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দোয়ারাবাজার প্রেসক্লাব।
পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করতে সন্ত্রাসী ওই সন্ত্রাসী হামলা মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধের এক জঘন্য চক্রান্ত বলে জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না এক যৌথ বিবৃতিতে অসন্তোষ প্রকাশ করে বলেন, "একজন পেশাদার সাংবাদিকের ওপর প্রকাশ্যে সশস্ত্র হামলা মূলত স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্তচিন্তা ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি নগ্ন আঘাত। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড স্বাধীন গণমাধ্যম এবং গণতান্ত্রিক পরিবেশ মারাত্মক হুমকিস্বরূপ।"
নেতৃবৃন্দ আরও হুশিয়ারি উচ্চারণ করে বলেন, "সাংবাদিকদের রক্তচক্ষু দেখিয়ে হামলার মাধ্যমে সত্য প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। সকল অপশক্তির বিরুদ্ধে গণমাধ্যমকর্মীরা বরাবরই সোচ্চার আছেন, সোচ্চার থাকবেন।"
এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়ে তারা বলেন, অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের গ্রেফতার করে কঠোর আইনি শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায়, সাংবাদিক সমাজ রাজপথে কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.