সিলেটের কানাইঘাটে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে কানাইঘাটের ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত শাহাবউদ্দিন (৩২)। তিনি ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের বাসিন্দা। পেশায় তিনি সিএনজি অটোরিকশা চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কানাইঘাটের সুরইঘাট এলাকায় সিএনজি চালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধ হয় দুই চালকের। এরই জেরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম হন শাহাবউদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তাকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপানো হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.