বিদ্যুতায়িত হওয়া বাবাকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনতে ছুটে এসেছিলেন ছেলে ভাই। কিন্তু বাবাকে শেষ পর্যন্ত বাঁচাতে পারলেও নিজেরা আর ফিরতে পারলেন না। বিদ্যুতের ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পর্শে প্রাণ হারিয়েছেন সহোদর ভাই। হৃদয়বিদারক এই ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে গেছেন তাদের বাবা।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন- তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাম বক্তারের ছেলে আবদুর রহিম (৪০) ও রাকিব (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ করতেন তারা। ঘটনার দিন সকালে বাবা আলাম বক্তার তার তিন ছেলেকে নিয়ে বোরহানউদ্দিনের কালিরহাট এলাকায় শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটতে যান। কাজের একপর্যায়ে বিদ্যুতের একটি ছেঁড়া তার সরাতে গিয়ে বিদ্যুতায়িত হন বাবা আলাম বক্তার। বাবাকে বিপদে পড়তে দেখে তাকে বাঁচাতে এগিয়ে আসেন নিচে থাকা এক ছেলে। কিন্তু তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে আক্রান্ত হন। পরে তাদের উদ্ধারে গাছে থাকা আরেক ছেলে নিচে নেমে এলে তিনিও বিদ্যুতায়িত হন। মুহূর্তেই দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই ভাই।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। বাবাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে দুই ছেলের এমন করুণ মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে যান বাবা আলাম বক্তার।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.