ছবি: সিলেট ভিউ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে লেখা একটি চিঠি পাওয়া গেছে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে। শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারের দানবাক্স ও ডেগের অর্থ গণনার সময় পাওয়া যায় এই চিঠি।
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের পক্ষে হাবিবুর রহমান রাজু নামের এক নেতা লিখেন ওই চিঠি। জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে হাবিবুর রহমান রাজুর উদ্যোগে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দেশরত্ন শেখ হাসিনার সুস্থতা কামনা এবং তিনি যেন বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে পুনরায় ফিরে আসেন—এই লক্ষ্যে হযরত শাহজালাল (র.) মাজারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।
চিঠিতে লেখা হয়েছে, 'বিসমিল্লাহির রাহমানির রাহিম। তারিখঃ ২৮/০৯/২৬। নোয়াখালী জেলা শাখা সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর কন্যা দেশ রত্ন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে হযরত শাহ্ জালাল মাজারে নেত্রীর জন্য দোয়া ও প্রার্থনা করছি। আল্লাহ পাক যেন তাকে সর্বদা সুস্থ রাখেন এবং বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে যেন ফিরে আসেন। আমিন।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
জয় হোক দেশরত্ন শেখ হাসিনার
হাবিবুর রহমান রাজু,
নোয়াখালী জেলা।'
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.