প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ ২০:৪৫ (রবিবার)
শাহজালাল মাজারে রান্না নিয়ে এলাহি কাণ্ড

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে মানতের গরু, ছাগল ও মুরগি রান্নার খরচ নিয়ে প্রশ্ন তুলে একটি চিরকুটে ক্ষোভ প্রকাশ করেছেন এক ব্যক্তি। রান্নার জন্য অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তুলে নির্ধারিত মূল্য তালিকা প্রকাশের দাবি জানানো হয়েছে ওই চিরকুটে।
 

শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারের ডেগ ও দানবাক্স খোলার পর দেশি টাকা ও বৈদেশিক মুদ্রার স্তূপের মধ্যে চিরকুটটি পাওয়া যায়।

নাম-ঠিকানাবিহীন ওই চিরকুটে অভিযোগ করা হয়েছে, একটি গরু রান্না করতে প্রায় ১০ হাজার টাকা, ছাগলে ২ হাজার টাকা এবং মুরগিতে ১ হাজার টাকা নেওয়া হচ্ছে।
 

রান্নার কাজে ব্যবহৃত গ্যাস ও ডেগ মাজার কর্তৃপক্ষ বিনামূল্যে সরবরাহ করে থাকলে এত টাকা নেওয়ার যৌক্তিকতা কী, সে প্রশ্নও তোলা হয়েছে।

চিরকুটে গরু, ছাগল ও মুরগি রান্নার জন্য নির্ধারিত ও যৌক্তিক মূল্য তালিকা তৈরি করে রান্নাঘরের সামনে টাঙানোর দাবি জানানো হয়েছে।
 

পাশাপাশি অতিরিক্ত অর্থ আদায় বন্ধে নিয়মিত তদারকি এবং মেহমানদের অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট ফোন নম্বর বা অভিযোগ বাক্স চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

মাজারে আসা ভক্ত ও মানতকারীদের ভোগান্তি কমানো এবং রান্নার খরচে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে চিরকুটে। তবে চিরকুটে উল্লেখ করা অর্থ আদায়ের অভিযোগে  মাজার কর্তৃপক্ষের বক্তব্যও পাওয়া যায়নি।

 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০৫