প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ০০:০০ (রবিবার)
এবার সেন্ট মার্টিন ভ্রমণের আগে যা জেনে নেওয়া দরকার

ছবি: সংগৃহিত।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। 


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে পর্যটকরা যাতায়াত করতে পারবেন। তবে আগের নিয়ম বজায় রেখে শুধু ডিসেম্বর ও জানুয়ারি মাসেই দ্বীপে রাতযাপনের সুযোগ থাকছে।

 

রবিবার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে। গত ১২ অক্টোবর অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয় সভার সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে এই নির্দেশনা জারি করা হয়।


নির্দেশনা অনুযায়ী, আগের মতো এবারও কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে পর্যটকবাহী জাহাজ ছেড়ে যাবে। তবে এবার দ্বীপে পর্যটক যাতায়াতের দৈনিক সর্বোচ্চ সীমা কিছুটা বাড়িয়ে সাড়ে ৩ হাজার নির্ধারণ করা হয়েছে। 


দ্বীপে যেতে ইচ্ছুক প্রতিটি পর্যটককে ১০০ টাকা করে পরিবেশ সংরক্ষণ ফি প্রদান করতে হবে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মাধ্যমে সংগ্রহ করতে হবে বাধ্যতামূলক ‘ট্রাভেল পাস’।

 

নভেম্বর মাসে পর্যটকেরা শুধু দিনে গিয়ে দিনেই ফিরতে পারবেন (ডে-ট্যুর)। তবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকেরা দ্বীপে রাতযাপন করতে পারবেন। 

 


দ্বীপের অনন্য পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রবাল সংরক্ষণে এবারও বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— 

* রাতে সমুদ্রসৈকত ও তৎসংলগ্ন এলাকায় আলো না জ্বালানো।

* শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টি আয়োজন না করা।

* কেয়াবনে প্রবেশ এবং কেয়া ফল সংগ্রহ, ক্রয়-বিক্রয়ও নিষিদ্ধ।

* সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস, শৈবালসহ দ্বীপের জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না।

* সমুদ্রসৈকতে মোটরসাইকেল ও সি-বাইকের মতো যানবাহন চালানোও নিষিদ্ধ।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৮