ছবি: সিলেট ভিউ।
সিলেট নগরীর কালিঘাট পাইকারি বাজারে এবার মিলল খাদ্যপণ্য উৎপাদন ও প্যাকেজিংয়ে নানা অনিয়ম।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে কালিঘাটে অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অভিযানে ভাইভাই মসলা মিলে বেশ কয়েকটি অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে মেয়াদোত্তীর্ণ ময়দা সংরক্ষণ, প্রয়োজনীয় অনুমোদনপত্র না থাকা, পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি এবং পণ্যের প্যাকেজিংয়ে ভুল তথ্য ও লেবেলসংক্রান্ত সমস্যা। এ ছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই মসলা প্রস্তুত, প্যাকেজিং ও বিক্রির বিষয়টিও শনাক্ত করা হয়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেনের সার্বিক সমন্বয়ে পরিচালিত অভিযানে সিলেট সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সাইফুল ইসলাম ও মো. আব্দুল মুমিতসহ পুলিশ এবং আনসার ব্যাটালিয়নের একটি দল উপস্থিত ছিল।
এ বিষয়ে নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেন সিলেটভিউকে বলেন, খাদ্যপণ্যে অনিয়ম ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৪/আশিক-১৪
আইটি ল্যাব সলিউশন্স লি.