সিলেটসহ সারাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সেবার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষ যাতে সহজে, স্বচ্ছভাবে ও প্রত্যাশিত মানে সেবা পেতে পারেন, তা নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সিলেট নগরের তালতলায় সিলেট সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের সেবাপ্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও কার্যকর করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে গঠিত কমিটির সভাপতি হিসেবে তিনি সেবার মান উন্নয়ন ও প্রক্রিয়া সহজ করার বিষয়ে কাজ করছেন।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নাগরিকসেবা ও অবকাঠামোগত সক্ষমতা উন্নত করতে হবে। সিলেটের জনসংখ্যা ও বসতির ঘনত্ব বাড়ার পাশাপাশি দেশ-বিদেশে বসবাসরত সিলেটের মানুষের আধুনিক নাগরিকসেবা সম্পর্কে প্রত্যাশাও বেড়েছে। তাই এ অঞ্চলে আধুনিক, মানসম্মত ও নিরাপদ নগরসেবা নিশ্চিত করা জরুরি।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আর তিন বছর পর বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পথে এগোবে। এ বাস্তবতায় নাগরিকসেবা ও অবকাঠামোগত সক্ষমতা বাড়াতে হবে। সিলেট সদর ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ নির্ধারিত ১৫ মাসের মধ্যে শেষ করতে হবে। এ সময়সীমা কোনোভাবেই ব্যাহত করা যাবে না।
অনুষ্ঠানের শুরুতে ফলক উন্মোচনের মাধ্যমে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে মোনাজাত অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম গণপূর্ত অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০১/এসডি-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.