ছবি: সিলেটভিউ
গ্রামের নাম আমস্বপ্ন। অবস্থান সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে। এই গ্রামবাসী চরম দুর্দশায় আছেন অসমাপ্ত তামা খাল সেতু নিয়ে। বছরখানেক আগে কাজ শুরু হলেও প্রায়ই থমকে যায়। এ কারণে চরম দুর্বিপাকে গ্রামে শিশু থেকে বৃদ্ধ, অসহায় অসুস্থজন এবং শিক্ষার্থীরা।
স্থানীয় সূত্রে জান যায়, আমস্বত্ব গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা দু’ভাগ করেছে তামা খাল। এই খালটির উপর একটু সেতু নির্মাণের জন্য গ্রামবাসী সরকারের বিভিন্ন দপ্তরে বারবার আবেদন নিবেদন করেছেন।
অবশেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ৯ দশমিক ৫ মিটার দির্ঘ এক্িট সেতু নির্মাণের কাজ শুরু হয়। তাও প্রায় বছরখানেক আগে। ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়নের লক্ষ্যে সেতুটির কাজ শুরুর পরপর আবার তা বন্ধ হয়ে যায়। পড়ে থাকে দীর্ঘদিন। এ অবস্থায় অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় গ্রামবাসীকে।
তারা বারবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেও সন্তোষজনক কোনো জবাব পাননি।
গ্রামটির বাসিন্দা আব্দুল্লাহ জানান, চরম খারাপ অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। শিশু কিশোর, এবং নারী ও বয়স্করা বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। আর অসুস্থদের নিয়ে হাসপাতালে যাতায়াতও প্রায় অসম্ভব আর কি।
মারুফ নামের এক যুবক জানালেন, সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করেও কোনো লাভ হচ্ছেনা। ঠিকাদার শাহাবুদ্দিন নানান অজুহাতে কাজ করছে না। করলেও জোড়াতালি দিয়ে করছে। অ্যাপ্রোচের মাটি ভরাট করার কথা যে নিয়মে তিনি তার ধার ধারছেন না।
গ্রামবাসীর দাবি, কেন এতদিন কাজ বন্ধ ছিল তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, কাজ শেষের নির্দিষ্ট সময় ঘোষণা, নির্মাণ কাজ শেষে হওয়ার আগ পর্যন্ত নিরাপদ যাতায়াতের ব্যবস্থ এবং জবাবদিহিতা নিশ্চিত করা।
আবু সাঈদ নামের এক যুবক এসব দাবি জানিয়ে বলেন, যেভাবে কাজ এগুচ্ছে তার মান নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি তদন্ত করা এখন সময়ের দাবি।
তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার সিলেটভিউর সাথে আলাপকালে জানিয়েছেন, কাজ আবার শুরু হয়েছে। বন্ধ ছিল কারণ, বর্ষায় মাটি পাওয়া যাচ্ছিলনা। এখন মাটির ব্যবস্থা হয়েছে এবং কাজ এগিয়ে চলছে। আশা করছি সপ্তাহ দু’য়েকের মধ্যে কাজ শেষ হবে।
তবে গ্রামবাসী জানিয়েছেন, ঠিকাদার একদিন যেনতেন প্রকারে কিছু মাটি ফেলেছে বটে, কিন্তু এরপর আর কোনো কাজ করেনি।
কাজটি মানসম্পন্ন হচ্ছে কি না তাও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি আমস্বপ্ন গ্রামবাসীর।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.