প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ০০:০০ (বৃহস্পতিবার)
ফ্রান্সে প্রবাসীদের টার্গেট করে প্র/তা/র/ণা, বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করেছে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের নাম ব্যবহার করে ভ্যাকসিনের সিরিয়াল দেওয়ার কথা বলে ফোনে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) চাওয়ার অভিযোগ পাওয়ার পর ব্যক্তিগত ও আর্থিক তথ্য সুরক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।
 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দূতাবাসের কনস্যুলার শাখার এক সতর্কবার্তায় জানানো হয়, মো. বাবুর ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তি বিভিন্ন ফোন নম্বর থেকে কল করে দূতাবাসের পরিচয় ব্যবহার করে ভ্যাকসিনের সিরিয়াল দেওয়ার কথা বলে ওটিপি চাইছেন বলে দূতাবাসের নজরে এসেছে। তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, মো. বাবুর ইসলাম চৌধুরী নামে বাংলাদেশ দূতাবাস, প্যারিসে কোনো ব্যক্তি কর্মরত নন।
 

দূতাবাস জানিয়েছে, তারা টিকা বা ভ্যাকসিন প্রদানসংক্রান্ত কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত নয়। এ ছাড়া দূতাবাসের নাম ব্যবহার করে বিভিন্ন সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফোন, ইমো ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রবাসীদের সঙ্গে যোগাযোগের বিষয়টিও তাদের নজরে এসেছে।
 

পাসপোর্ট, ব্যাংক ও এনআইডির তথ্য শেয়ার না করার পরামর্শ

সতর্কবার্তায় ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের ফোনে কারও সঙ্গে পাসপোর্টের তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর কিংবা কোনো ধরনের ওটিপি শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে। সন্দেহজনক নম্বর থেকে ফোন এলে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে নম্বরটি ব্লক করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

দূতাবাসের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা বা এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা দূতাবাসকে জানানোর অনুরোধ করা হয়েছে। এ জন্য [email protected] ইমেইল ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/নজমুল/এসডি-০৬