ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।
সিলেটে আবারও বেড়ে চলছে অসামাজিক কার্যকলাপ। নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে তরুণ-তরুণী, যুবক-যুবতী, নর-নারীরা অনৈতিক কাজে লিপ্ত থাকেন। সাদা পোশাকের পাশাপাশি পোশাকদারি পুলিশের অভিযানেও বন্ধ করা যাচ্ছে না তাদের। শুধু অভিযান দিয়ে শেষ নয়, এবার অভিযুক্ত আরেকটি হোটেল সিলগালা করেছে প্রশাসন।
অনুসন্ধানে জানা গেছে, মহানগরীর বিভিন্ন এলাকায় আবাসিক হোটেলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বিশেষ করে বন্দরবাজার, সুরমা পয়েন্ট, তালতলা, শেখঘাট, রিকাবীবাজার, আম্বরখানা, শাহজালাল (রহ.) দরগাহ গেইট, জিন্দাবাজার, সোবহানীঘাট, নাইওরপুল, শিবগঞ্জ, দক্ষিণ সুরমার কদমতলী, হুমায়ুন রশীদ চত্বর ও লাউয়াইসহ বিভিন্ন এলাকায় রয়েছে অসংখ্য আবাসিক হোটেল। এসব হোটেল ব্যবসার আড়ালে চলছে অসামাজিক কার্যকলাপ।
সর্বশেষ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিলেটের মহানগরীর বন্দর বাজারস্থ ‘সবুজ বিপনী’ আবাসিক হোটেলের ৩য় তলায় অভিযান পরিচালনা করেছে গোয়েন্দা পুলিশ। অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকা অবস্থায় ৩ জন পুরুষ ও ২ জন নারীকে আটক করা হয়। পরবর্তীতে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অপরাধে ‘সবুজ বিপনী’ আবাসিক হোটেলটি সিলগালা করেছে পুলিশ।
এর আগে গত ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বন্দর বাজারস্থ হোটেল উত্তরা (আবাসিক) সিলগালা করা হয়। অসামাজিক কার্যকলাপের দায়ে হোটেলটি সিলগালা করা হয় বলে জানিয়েছিল পুলিশ। তবে ওই ঘটনায় কাউকে আটক করা হয় নি।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. আফজাল হোসেন জানান, মহানগরীতে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন হোটেলে অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি জড়িত হোটেলগুলো সিলগালা করা হচ্ছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-১৩
আইটি ল্যাব সলিউশন্স লি.