পেশাগত দায়িত্ব পালনকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় দুই সাংবাদিক আহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
একই সাথে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল ও সাধারণ সম্পাদক নুর আলম এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।
যৌথ বিবৃতিতে শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের ছবি, ভিডিও এবং সংবাদ সংগ্রহ করতে গেলে ইন্টার্ন চিকিৎসকরা সাংবাদিকদের উপর হামলা চালান। হামলায় সিলেটভিউ২৪ডটকমের মাল্টিমিডিয়া রিপোর্টার নিবেন্দু তালুকদার ও দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রী রেজা রুবেল গুরুতর আহত হন। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর তাদেরকে হাসপাতালে ভর্তি না দিয়ে বের করে দেওয়া হয়। ভর্তির জন্য জরুরী বিভাগে গেলে কর্তব্যরতরা জানান ইন্টার্ন চিকিৎসকদের ডাকে হাসপাতালে রোগী ভর্তিসহ সবধরনের চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চিকিৎসা একটি মানবিক ও মহৎ পেশা। মুমূর্ষু মানুষের পাশে থেকে নিরলস কাজ করে যাচ্ছেন ডাক্তারগণ। একইসাথে সাংবাদিকরাও সত্য উদঘাটনের মাধ্যমে সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। কিন্তু সিলেটের স্বনামধন্য একটি হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন সন্ত্রাসী হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ। গণমাধ্যমকর্মীরা পেশাগত দায়িত্ব পালনকালে তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশনের কাজ করেন। তাদের ওপর যেকোনো ধরনের হামলা এবং ভয়ভীতি প্রদর্শন কিংবা পেশাগত কাজে বাধা প্রদান করা সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং পেশাগত মূল্যবোধের পরিপন্থী। এ ধরনের ঘটনা দেশের শৃঙ্খলা ও স্থিতিশীলতা নষ্ট করবে বলে আমরা মনে করি। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। সেই সাথে শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দ কর্তৃপক্ষের কাছে সাংবদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানাচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/আতহার/এসডি-২৮
আইটি ল্যাব সলিউশন্স লি.