হবিগঞ্জের মাধবপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে জুতা খুলে প্রবেশের নিয়ম চালু করা হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে চালু থাকা এ ব্যবস্থা নিয়ে সেবাগ্রহীতা ও স্থানীয়দের মধ্যে আলোচনা- সমালোচনা দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডল সাংবাদিকদের ‘সস্তা নিউজ’ নিয়ে ব্যস্ত থাকার মন্তব্য করেছেন বলে জানা গেছে। তার এ মন্তব্য ঘিরেও তৈরি হয়েছে নতুন বিতর্ক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অফিসের শৃঙ্খলা ও পরিবেশ বজায় রাখার কথা বলে জুতা খুলে প্রবেশের এ নিয়ম চালু করা হয়েছে। তবে সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষকে জুতা খুলে প্রবেশ করতে বাধ্য করা কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
সেবাগ্রহীতাদের কয়েকজন এ নিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, সরকারি কার্যালয়ে সেবা নিতে এসে এমন নিয়মের মুখোমুখি হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে শারীরিক সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য এ নিয়ম আরও অসুবিধার কারণ হতে পারে।
সেবাগ্রহীতা নাজমা বেগম বলেন, ‘এ ধরনের নিয়ম আমি কোথাও দেখিনি। পায়ে সমস্যা থাকা সত্ত্বেও আমাকে জুতা খুলে অফিসে প্রবেশ করতে হয়েছে।’
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডল বলেন, ‘জুতা রাখার জন্য বক্সের ব্যবস্থা করা হবে। অফিসে শৃঙ্খলা বজায় রাখতেই নতুন এ ব্যবস্থা চালু করা হয়েছে।’
তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাংবাদিকরা ‘সস্তা নিউজ’ নিয়ে ব্যস্ত থাকার মন্তব্য করেন বলে জানা গেছে। তার এ বক্তব্যের পর সরকারি কর্মকর্তার সঙ্গে গণমাধ্যমকর্মীদের পেশাগত সম্পর্ক ও সাংবাদিকদের প্রতি দায়িত্বশীল আচরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয়দের মতে, সরকারি কার্যালয়ে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে একই সঙ্গে সাধারণ মানুষের নির্বিঘ্নে সরকারি সেবা পাওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে। কোনো নিয়ম চালুর আগে তা সেবাগ্রহীতাদের জন্য কতটা সুবিধাজনক এবং শারীরিক অসুবিধায় থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কী ব্যবস্থা রাখা হবে, সেদিকেও নজর দেওয়া প্রয়োজন।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জালাল উদ্দিন বলেন, ‘বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এখন দেখার বিষয়, উপজেলা সমাজসেবা কার্যালয়ে জুতা খুলে প্রবেশের এ নিয়ম নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয় এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি নিরসনে কী পদক্ষেপ গ্রহণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.