প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ১৫:৩১ (রবিবার)
কুলাউড়ায় সাইফুল সিদ্দিকীর বিএনপিতে যোগদান নিয়ে ‘তোলপাড়’

নানা জল্পনা-কল্পনার পর আমেরিকা প্রবাসী মাওলানা শেখ সাইফুল সিদ্দিকীর বিএনপিতে যোগদানের খবর ছড়িয়ে পড়ে কুলাউড়ায়।

গত ২৮ অক্টোবর রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর হাতে ফুলের তোড়া দিয়ে তিনি বিএনপিতে যোগদান করেছেন বলে দাবি করা হয়।

তবে এ নিয়ে দুই ধরনের বক্তব্য সামনে এসেছে। সংসদ সদস্য শওকতুল ইসলাম জানিয়েছেন, সাইফুল আলম নামে এক প্রবাসী তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বিএনপি কার্যালয়ে এসেছিলেন, বিএনপিতে যোগদান করেননি।

জানা যায়, উলামালীগ যুক্তরাষ্ট্রের সভাপতি ছিলেন সাইফুল। দীর্ঘদিন ধরেই তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার গুঞ্জন ছিলো। এ কারণে কয়েক সপ্তাহ আগে তিনি আমেরিকা থেকে দেশে আসেন। বুধবার রাতে বিএনপি কার্যালয়ে ফুলের তোড়া দিয়ে তাকে দলে বরণ করে নেওয়ার খবর ছড়িয়ে পড়ে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদোয়ান খাঁন, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি খন্দকার মুহিবুর রহমান মলাই, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন ভূঁইয়া, বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন।

যোগদানের বিষয়ে শেখ সাইফুল সিদ্দিকী জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১ দফা, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং স্থানীয় সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে তিনি বিএনপিতে যোগদান করেছেন।

তবে এ খবরের বিষয়ে শনিবার (৩১ অক্টোবর) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ভিন্ন বক্তব্য তুলে ধরেন সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম সম্মানিত নেতৃবৃন্দ, কয়েকদিন থেকে ফেসবুকে একটা সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমেরিকা থেকে প্রবাসী সাইফুল আলম সাহেব আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ফুল নিয়ে কুলাউড়া বিএনপি অফিসে আসেন এবং সৌজন্য সাক্ষাৎ করেন। বিএনপি চেয়ারপারসনের নির্দেশ অনুযায়ী বিএনপিতে যোগদান প্রক্রিয়া সম্পূর্ণ নিষিদ্ধ।’
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৩