হারের হ্যাটট্রিক। হংকং সিক্সেসে লজ্জাজনক পরিস্থিতি ভারতের। তারকাখচিত দল নিয়েও যে কোন লাভ হল না তাদের। চরম ব্যর্থ নীতীশ রানা। পাকিস্তানের পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে যায় তারা। এরপর ইংল্যান্ডের কাছেও ধাক্কা। এবার ১২ দলের টুর্নামেন্টে ১১-১২ তম স্থানের জন্য বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবেন ক্রুণাল পাণ্ডিয়ারা।
শুক্রবার সকালে পাকিস্তানের কাছে হার মানে ভারত। আশা করা হয়েছিল আমিরাতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে। কিন্তু কোথায় কী? বরং কোন উইকেট না হারিয়েই ম্যাচ জিতে নেয় আমিরাত। প্রথমে ব্যাট করে ভারত মাত্র ৯৪ রান তোলে। সাধারণত এই টুর্নামেন্টে প্রতি ম্যাচে ৬ ওভারে ১০০-র উপর রান ওঠে। কিন্তু ভারতের ব্যাটিংয়ের শুরুতেই আউট হয়ে যান নীতীশ। কিছুটা লড়াই করেন রাহুল ত্রিপাঠী। ৭ বলে ২৪ রান করেন। শেষমেশ বোলার টি নটরাজন ১৪ বলে ৩৮ রান করেন। জবাবে ৪.২ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় আমিরাত। কোনও উইকেট হারায়নি তারা।
টানা দুই ম্যাচে হেরে পরের রাউন্ডে যাওয়ার কোনও আশা ছিল না। অন্য গ্রুপে একই অবস্থা হয় ইংল্যান্ডের। তাদের বিরুদ্ধেও জয়ের দেখা পেল না ভারত। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ১২৪ রান। জবাবে এবারও ব্যর্থ নীতীশ। তবে শশাঙ্ক সিংয়ের সঙ্গে জুটি বেঁধে রান তোলার কাজ করেন রাহুল ত্রিপাঠী। তিনি ১৪ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে ক্রুণাল পাণ্ডিয়াও ৭ বলে ২৮ করে চেষ্টা করেন। তবে লাভের লাভ হয়নি। মাত্র ৩ রানে ম্যাচ হারে ভারত।
মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে হারের হ্যাটট্রিকের পর এবার বাংলাদেশের বিপক্ষে ১১-১২ তম স্থানের লড়াইয়ে নামবেন ক্রুণালরা। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১৩ বল বাকি থাকতেই ৪ উইকেটে হেরে যায় ভারত।
হংকং সিক্সেস টুর্নামেন্টটি তার অভিনবত্বের জন্য জনপ্রিয়। আইসিসি অনুমোদিত টুর্নামেন্টে এখন ১২টি দল খেলে। মূলত ৬ ওভারের ম্যাচ হয়, যেখানে একজন বোলার সর্বোচ্চ ২ ওভার বল করতে পারেন। এই টুর্নামেন্টে সাধারণত অবসর নেওয়া ক্রিকেটাররা খেলেন। কিন্তু ভারতীয় দল রীতিমতো তারকাসমৃদ্ধ। নিয়মিত আইপিএল বা প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেন। তাদের মধ্যে শশাঙ্ক বাদে প্রত্যেকেই ভারতের হয়ে খেলেছেন। প্রথমে অধিনায়ক করা হয়েছিল ভুবনেশ্বর কুমারকে। তবে তিনি পরে ভারতীয় দলে ডাক পেয়ে যান।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.