প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ২০:১৬ (রবিবার)
৮ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি এক শিক্ষার্থীকে!

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র একজন শিক্ষার্থী। কিন্তু সেই একজন শিক্ষার্থীর ভাগ্যেও জোটেনি পাসের সাফল্য। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ওই শিক্ষার্থী এক বিষয়ে অকৃতকার্য হয়েছে।
 

কলেজটিতে আটজন শিক্ষক কর্মরত থাকলেও একজন মাত্র পরীক্ষার্থীরও উত্তীর্ণ হতে না পারার ঘটনায় প্রতিষ্ঠানটির পাঠদানের মান, শিক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।

কলেজের অধ্যক্ষ ফারুক ইকবাল জানান, ২০০২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার দুই দশকের বেশি সময় পার হলেও এখনো প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি। বর্তমানে কলেজে আটজন শিক্ষক কর্মরত থাকলেও নেই নিজস্ব কোনো পাকা অ্যাকাডেমিক ভবন। টিনশেড ঘরেই চলছে শিক্ষা কার্যক্রম।
 

অধ্যক্ষের দাবি, এমপিওভুক্ত না হওয়া, প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে ভালো মানের শিক্ষার্থীরা এ কলেজে ভর্তি হতে আগ্রহী হয় না। ফলে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। এরই ধারাবাহিকতায় চলতি বছর মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে ওই শিক্ষার্থীও একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে।
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মআস-০৪