সিলেটের গোয়াইনঘাটে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৩১ অক্টোবর) জাফলংয়ের জুমপাড় ও আশপাশের এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধ উত্তোলনে ব্যবহৃত ২০টি লিস্টার বা বোমা মেশিন ধ্বংস করা হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন। এ অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ, ৪৮ বিজিবির সদস্য এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে আরও দুটি লিস্টার মেশিন জব্দ এবং পাঁচটি অস্থায়ী তাঁবু গুঁড়িয়ে দেওয়া হয়। তবে ঘটনাস্থলে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনে জড়িত কাউকে পাওয়া যায়নি।
অভিযানের সময় ক্ষতিগ্রস্ত বাঁধের প্রায় ২০ ফুট অংশ তাৎক্ষণিকভাবে মেরামত করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের পরিবেশগত ক্ষতি সম্পর্কে সচেতন করা হয়।
সংশ্লিষ্ট এলাকায় অবৈধ উত্তোলন ঠেকাতে এবং পরিবেশ সুরক্ষায় পুলিশ ও গ্রাম পুলিশকে সার্বক্ষণিক টহল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
গোয়াইনঘাটের ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী জানান, জনস্বার্থ রক্ষা, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৫/আশিক-১৭
আইটি ল্যাব সলিউশন্স লি.