প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৬ ১৫:৪৬ (মঙ্গলবার)
সিলেটে লাভের লোভে ডিবির খাঁচায় ৫ যুবক

ছবি: সিলেট ভিউ।

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। রবিবার (১ নভেম্বর) বিকেলে নগরীর লাক্কাতুরা চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


সোমবার (২ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা এই তথ্য নিশ্চিত করেছে।


আটক ব্যক্তিরা হলেন- সিলেটের শাহপরান থানার চৌধুরীপাড়া এলাকার মৃত ছবির আলীর ছেলে আলী হোসেন (৩০), বিমানবন্দর থানার বাদামবাগিছা এলাকার আব্দুর নূরের ছেলে আসদ্দর আলী (৫২), ইলেকট্রিক সাপ্লাই রোডের ২৯ দিগন্ত এলাকার আইয়ুব আলীর ছেলে খোরশেদ আলম (৪৩), শাহপরান থানার উত্তর বালুচর এলাকার সামছুল আলমের ছেলে রোমান আহমেদ (৩৩) এবং বিমানবন্দর থানার খাসদবীর সৈয়দমুগনী এলাকার মৃত রফিক মিয়ার ছেলে ইমন আহমেদ (৩০)।


পুলিশ জানায়, রবিবার বিকেল ৫টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল বিমানবন্দর থানাধীন লাক্কাতুরা চা-বাগান এলাকার শেখ সুমনের বসতঘরে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার অভিযোগে ৫ জনকে আটক করা হয়। 


সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৪