প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৬ ১৯:৪০ (বুধবার)
আঃ রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিত্যক্ত গভীর নলকূপ সংস্কার

আঃ রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে অকেজো ও পরিত্যক্ত অবস্থায় থাকা গভীর নলকূপটি সংস্কার করে পুনরায় সচল করেছে যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি ফাউন্ডেশন ‘আঃ রশীদ ফাউন্ডেশন’।

ফাউন্ডেশনটির উদ্যোগ ও সার্বিক অর্থায়নে নলকূপটি সংস্কারের ফলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পানির সংকটের অবসান হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, নলকূপটি অকেজো থাকায় নিরাপদ খাবার পানি ও ওয়াশরুম ব্যবহারের পানির অভাবে শিক্ষক-শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এ সমস্যা সমাধানে এগিয়ে আসে আঃ রশীদ ফাউন্ডেশন।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সংস্কারকৃত নলকূপটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি শিবলুর রহমান। তিনি বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জুতী রাণী সেন এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, নলকূপটি সংস্কারের ফলে শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পানির কষ্ট দূর হয়েছে।

এদিকে, ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জগলুর রহমান ও ভাইস-চেয়ারম্যান মোঃ রেজাউর রহমান মুঠোফোনে দেওয়া এক যৌথ বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিদ্যালয়ের দীর্ঘদিনের পানির সংকটের কথা জানতে পেরে আমরা নলকূপটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করি। শিক্ষার্থীদের শিক্ষা ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হাজী আঃ রশীদ ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। আমরা চাই, শিক্ষার্থীরা একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষা গ্রহণ করুক।”

অনুষ্ঠানে উপস্থিত সাবেক পৌর কমিশনার মোঃ লুৎফুর রহমান বলেন, “বিদ্যালয়ের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে হাজী আঃ রশীদ ফাউন্ডেশন যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অত্যন্ত উপকারী। ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বজলুর রশিদ, সাবেক কমিশনার লালন মিয়া, অভিভাবক সদস্য মোঃ ইয়াছিন উদ্দিন, যুবলীগ নেতা রাজীব চৌধুরী বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাউন্ডেশনের এ মানবিক উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪