“মাদককে না বলুন, খেলাধুলাকে ভালোবাসুন”—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় শুরু হয়েছে মাদকবিরোধী ফুটবল প্রিমিয়ার লিগ। যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রেখে খেলাধুলামুখী করার প্রত্যয়ে এবং ইউকে প্রবাসী গোলজার আহমদের সার্বিক সহযোগীতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়া কৃষ্ণ তলা মাঠে পূর্ব বীরগাঁও ইউনিয়ন ফ্রেন্ডশীপ ক্লাবের উদ্যােগে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুজেল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার এসআই আলী আকবর, পূর্ব বীরগাঁও ইউনিয়ন জামাতের সভাপতি মাসুম আহমদ জুসেফ, সেক্রেটারী সুহেল আহমদ শিশু, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সামুয়েল কবির, সামসুল ইসলাম।
এছাড়া আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, ৭১ টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহীদ নুর আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক, সমাজ সেবক সজিবুল ইসলাম, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী দোলেন আহমদ,আব্দুল্লাহ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সিইও আজমল আহমদ সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন মাদক বিরোধী কমিটির সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুয়েব, তিনি আকবর কল্যাণ ট্রাস্টের সহায়তায় মাসব্যাপী এ প্রিমিয়ার লীগ আয়োজনের জন্য যে সার্বিক সহযোগীতা করেছেন সেজন্য তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, আকবর কল্যাণ ট্রাস্ট মাদকের বিরুদ্ধে অবস্থানের জন্য আমাদের সবসময় উৎসাহ দিয়ে থাকে। যেকোন সমস্যায় আকবর কল্যাণ সাহায্যের হাত বাড়িয়ে মানুষের পাশে থাকতে দেখেছি। আমরা এই টুর্নামেন্ট সফলভাবে পরিচালনা করতে সবার সহযোগীতা কামনা করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে মাদক। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক কেবল একটি জীবন বা পরিবারকেই ধ্বংস করে না, পুরো সমাজকে অপরাধের দিকে ঠেলে দেয়। তাই যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচিয়ে সুস্থ ও সৃজনশীল মানসিকতা গড়ে তুলতে পাড়া-মহল্লায় এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন নিয়মিত চালিয়ে যেতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে স্থানীয় যুবসমাজ ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা।
সিলেটভিউ২৪ডটকম/সামিউল/এসডি-১৮
আইটি ল্যাব সলিউশন্স লি.