প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৬ ২১:৪১ (বুধবার)
সিলেটের ক্রীড়াঙ্গন গতিশীল করতে বিএসপিএ’র সহযোগিতা কামনা

সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে আরও গতিশীল ও ক্রীড়াবান্ধব করে তুলতে ক্রীড়া সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা চেয়েছেন সংস্থার নবনিযুক্ত সদস্য সচিব রেজাউল করিম নাচন।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে জেলা স্টেডিয়ামের হলরুমে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) সিলেট শাখার সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

 

তিনি বলেন, ক্রীড়া সাংবাদিকরা হলেন ক্রীড়াঙ্গনের চোখ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু থেকে শুরু করে এ অঞ্চলের ক্রীড়াঙ্গনের সব অর্জনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ক্রীড়া সাংবাদিকরা এবং বিএসপিএ। ভবিষ্যতেও বিএসপিএ এমন ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

মতবিনিময় সভায় উপস্থিত ক্রীড়া সাংবাদিকরা নতুন সদস্য সচিবকে অভিনন্দন জানান এবং সিলেটের ক্রীড়া উন্নয়নের নানা দিক তুলে ধরেন। একই সাথে সাংবাদিকরা দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন। 

 

তারা বলেন, সঠিক তথ্যের অভাব, মাঠে কাজের অনুকূল পরিবেশের ঘাটতি এবং নিয়মিত খেলা না হওয়ার কারণে সিলেটের ক্রীড়া সাংবাদিকতা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।

 

সদস্য সচিব সাংবাদিকদের উত্থাপিত সমস্যাগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সাংবাদিক ও ক্রীড়া সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের ক্রীড়াঙ্গন আবার প্রাণবন্ত হয়ে উঠবে।

 

মতবিনিময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ বদরুদ্দোজা বদর, জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন, বিএসপিএ সিলেটের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মঞ্জুর আহমদ, সাধারণ সম্পাদক ও দৈনিক জালালাবাবাদ এর যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান, এখন টিভির ব্যুরো প্রধান গুলজার আহমদ, এসএনপি স্পোর্টসের নির্বাহী সম্পাদক কাইয়ুম আল রনি, বিএসপিএ যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আফজাল, নির্বাহী সদস্য মিজানুর রহমান, ক্রীড়া সাংবাদিক শাহিন আহমদ, ক্রীড়া লেখক মাশরুর রাসেল, ক্রীড়া লেখক ও স্কোরার তানজিল শাহরিয়ার, সিলেট ভিউ’র রিপোর্টার আশিক উদ্দিন এবং ক্রীড়া লেখক ও ধারাভাষ্যকার জুয়েল আহমদ নুর প্রমুখ।

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-১৭