ছবি: ফাইল ছবি।
কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুইটি টার্মিনালের মধ্যে একটিতে বুধবার (৪ নভেম্বর) থেকে টানা চার দিন সরবরাহ বন্ধ থাকবে। ফলে সিলেটসহ সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে।
সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড পরিচালক বদরুজ্জামান সেলিম জানান, গ্যাস লাইন মেরামত কাজের জন্যে চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে। আবাসিক গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। গ্যাস লাইনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক এই অসুবিধা হবে বলে জানান।
এর আগে পেট্রোবাংলা উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির বলা হয়, কক্সবাজারের মহেশখার সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
এই সময়ে জাতীয় গ্যাস গ্রিডে বর্তমান দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট হতে ৩২০ মিলিয়ন ঘনফুট হ্রাস পেয়ে ৬০০ মিলিয়ন ঘনফুট হবে। ফলে এ সময়ে সারা দেশে গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুইটি ভাসমান টার্মিনাল রয়েছে। দুইটির মধ্যে একটি টার্মিনাল বন্ধ থাকবে। এর আগে গত বছরের ডিসেম্বরেও সামিটের টার্মিনালে একই ধরনের রক্ষণাবেক্ষণ কাজ করা হয়েছিল।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-১৯
আইটি ল্যাব সলিউশন্স লি.