ছবি: সিলেট ভিউ।
সুনামগঞ্জের শান্তিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি দোকানের মালামাল ও অবকাঠামোর অংশবিশেষ পুড়ে গেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শান্তিগঞ্জ বাজার পয়েন্টের ডুরিয়া রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে ফলের দোকানের মালিক রহিম মিয়ার দোকানের সিসি ক্যামেরা, টেলিভিশন, ঘরের চালের টিন, কাঠ, বাঁশ ও মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির বর্ণনা দিতে গিয়ে কান্নাভেজা চোখে তিনি বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে।’
অন্যদিকে রিয়াদ ভেরাইটিজ স্টোরের মালিক আতিকুর রহমানও অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানান। ক্ষতির পরিমাণ তুলে ধরে তিনি কান্নায় ভেঙে পড়েন। আগুনে ক্ষতিগ্রস্ত আরেকটি দেকান হলো শাহ দামড়ী ভেরাইটিজ স্টোর।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফজল মিয়া বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে দোকানগুলোর কিছু কিছু অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লাখ টাকা হতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
সিলেটভিউ২৪ডটকম/সামিউল/আশিক-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.