হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বুধবার সকাল সারে ৯টা শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শিশু শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আনন্দে মেতে উঠে তিনি নিজেই শ্রেণিকক্ষে পাঠদান করেন। এ সময় শিক্ষার্থীরাও মন্ত্রীর সঙ্গে আনন্দঘন পরিবেশে পাঠদান কার্যক্রমে অংশ নেয়।
মন্ত্রীর এমন ব্যতিক্রমী উদ্যোগে বিদ্যালয়জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রতিমন্ত্রী বিদ্যালয়টিতে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন। এ সময় তিনি প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন। পাশাপাশি বিদ্যালয়ের খাদ্য সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। মা সমাবেশের সদস্য, বুক অধিনায়ক ও লিটল এগ্রিকালচার কার্যক্রমের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
এ ছাড়া বিদ্যালয়ের বাগান ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কার্যক্রমে উৎসাহিত করেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী। দুপুরে তিনি উপজেলার জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম ও শিক্ষার্থীদের পাঠদানের মান সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, সহকারী পুলিশ সুপার মফিউর রহমান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.